indiahood
indiahood

তথ্য না দিলেই শাস্তি, রাজ্যের বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে খড়গহস্ত সমগ্র শিক্ষা মিশন!

4 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের কিছু বেসরকারি স্কুলের (Private School) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। পড়ুয়াদের সঠিক পরিসংখ্যান ও শিক্ষার মান সর্ম্পকে সকল তথ্য ভারত সরকারের ‘ইউডাইস প্লাস’ (UDISE+) পোর্টালে আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি স্কুলকে। কিন্তু বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও অভিযোগ উঠেছে এরাজ্যের বেশ কয়েকটি প্রাইভেট স্কুল এই তথ্যগুলি দেয়নি বা অসম্পূর্ণ ও ভুল তথ্য জমা দিয়েছে। এই অস্বচ্ছতা রুখতে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলগুলির উদ্দেশ্যে। সঠিক তথ্য না দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রাজ্যের জেলাশাসকদেরও বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

সরকারকে সঠিক তথ্য জমা না দিলে হবে শো-কজ ও জরিমানা 

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের স্কুল শিক্ষা সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্যভান্ডার হল এই ‘ইউডাইস প্লাস’ পোর্টাল। গ্রস এনরোলমেন্ট রেশিয়ো (GER), নেট এনরোলমেন্ট রেশিয়ো (NER), স্কুলছুটের হার, শিক্ষা ধরে রাখার হার – সবকিছু জানা যায় এই এক পোর্টালের মাধ্যমে। কিন্তু অনেক বেসরকারি স্কুল সঠিক তথ্য না দেওয়ায় বহু পড়ুয়া থেকে যাচ্ছে ডেটাবেসের বাইরে। এর ফলে বর্তমানে রাজ্যের সামগ্রিক শিক্ষাক্ষেত্রের মান কীরকম, তা জানা সম্ভব হচ্ছে না। জানা যাচ্ছে না শিক্ষাগত ফলাফলও। এই তথ্যের অপ্রাপ্যতা শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ ও পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ‘শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন’-এর ১২ নম্বর ধারার ৩ নম্বর উপধারা অনুযায়ী, যে কোনও ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হওয়া যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল উপযুক্ত কর্তৃপক্ষের চাওয়া সব তথ্য দিতে আইনত বাধ্য। বারবার নির্দেশ দেওয়ার পরও যদি কোনো স্কুল তথ্য দিতে অসমর্থ হয়, তবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। প্রথমের নিয়ম লঙ্ঘনকারী স্কুলগুলির বিরুদ্ধে শোকজ নোটিস জারি করা হবে। এরপরও যদি তথ্য দিতে অবহেলা করা হয় বা ভুল তথ্য দেয়া হয় তাহলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুনঃ জিরো এনরোলমেন্ট স্কুল নিয়ে বড় সিদ্ধান্ত! বদলির নির্দেশ জারি প্রাথমিক শিক্ষকদের

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এই ক্ষেত্রের সাথে জড়িত সমস্ত উচ্চপদস্থ আধিকারিক ও জেলাশাসকদের এবিষয়ে ব্যক্তিগতভাবে তদারকি করার অনুরোধ করেছে। তাঁদের এলাকার সমস্ত বেসরকারি স্কুল যাতে নির্ভুল তথ্য ‘ইউডাইস প্লাস’ পোর্টালে জমা দেয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

Click here to Read More
Previous Article
বাংলায় চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা, আপনি কি যোগ্য? কীভাবে আবেদন জানুন
Next Article
ইতিহাসে প্রথম, নেপালে খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া! থাকবেন বৈভবও?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment