indiahood
indiahood

Latest News Videos

Latest

কাকদ্বীপ – গঙ্গাসাগর রেললাইনের চূড়ান্ত জরিপের অনুমোদন দিল রেল, ৩৪ কিমি পথে দীর্ঘতম সেতুর পরিকল্পনা

অনন্যা সরকার, দক্ষিণ ২৪ পরগনা: সম্প্রতি ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের কাকদ্বীপ ও গঙ্গাসাগরকে সংযুক্তকারী প্রস্তাবিত নতুন রেললাইনের (Kakdwip-Gangasagar rail line) জন্য ‘ফাইনাল লোকেশন সার্ভে’ (FLS)-এর অনুমোদন দিয়েছে। অর্থাৎ, রেল ট্র্যাক নির্মাণের স্থান চূড়ান্ত করার জন্য জায়গাটি শেষবারের মতো জরিপ করা হবে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রস্তাবিত রেলপথে হুগলি নদীর ওপর প্রায় ৪.৫ কিলোমিটার দীর্ঘ একটি বড় সেতু তৈরির পরিকল্পনা করা হয়েছে। নির্মাণ সম্পন্ন হলে, এই সেতুটি দেশের অন্যতম দীর্ঘ রেলসেতু হবে বলে আশা করা হচ্ছে। কাকদ্বীপ – গঙ্গাসাগর রেললাইন বাস্তবায়নের আরো কাছাকাছি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, এই প্রস্তাবিত রেলপথটি গঙ্গাসাগরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। শুধু পুণ্যার্থীরা নন, এই রেলপথের মাধ্যমে ওই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন হতে চলেছে। রেল মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নতুন রেললাইনটি সাগর দ্বীপে যাতায়াত করা সহজতর করে তুলবে, যা পর্যটন, আঞ্চলিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে। উল্লেখ্য, সাগর দ্বীপে অবস্থিত গঙ্গাসাগর একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র ও পর্যটন কেন্দ্র, যা গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় গড়ে উঠেছে। প্রতি বছর মকর সংক্রান্তির সময় সারা দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রীরা পুণ্যলাভের আশায় এই স্থানে আসেন। এই মিলনস্থলে তাঁরা পূণ্যস্নান করেন এবং কপিল মুনির আশ্রমে পুজো দেন। বর্তমানে মূল ভূখণ্ড থেকে গঙ্গাসাগর দ্বীপে পৌঁছাতে হলে ফেরিতে করে মুড়িগঙ্গা নদী পার হতে হয়, তারপর সড়কপথে বাকি রাস্তা যেতে হয়। আরও পড়ুন: এবার ট্রেনেই কেদারনাথ-বদ্রীনাথ? ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পে মিলল বড় সাফল্য কাকদ্বীপ-গঙ্গাসাগর রেল প্রকল্পটি তীর্থস্থান ও পর্যটন কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ভারতীয় রেলের একটি বৃহত্তর উদ্যোগের অংশ। এই প্রকল্পের অধীনে উত্তরাখণ্ডের ১২৫ কিলোমিটার দীর্ঘ ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেললাইনটি নির্মাণ করা হচ্ছে, যা ঋষিকেশের সঙ্গে দেবপ্রয়াগ ও কর্ণপ্রয়াগের পাশাপাশি গাড়োয়াল অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সংযুক্ত করবে। উল্লেখ্য, শনিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গিতিকা পান্ডে অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে নিয়ে নামখানা ও কাকদ্বীপ রেল স্টেশনে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতির দিকগুলো খতিয়ে দেখেন। যাত্রীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং রেল পরিষেবা যথাযথ রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেলের কর্মকর্তারা নামখানা স্টেশন চত্বর, প্রবেশ ও প্রস্থানের পথ, প্ল্যাটফর্ম, সংযোগকারী রাস্তা এবং যাত্রীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধাগুলো পরিদর্শন করে দেখেন। একইভাবে কাকদ্বীপ স্টেশনও ঘুরে দেখেন তাঁরা। এছাড়া, স্টেশনগুলিতে ট্রেন চলাচল ব্যবস্থা, সিগন্যালিং প্যানেল এবং ইন্সপেকশন রেজিস্টারগুলোও পরীক্ষা করে দেখা হয়।

পছন্দ ছিল সকলেরই, জনপ্রিয় গাড়ির দাম অনেকটাই বাড়িয়ে দিল মারুতি সুজুকি

সৌভিক মুখার্জী, কলকাতা: এই মুহূর্তে যদি আপনি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য বড় খবর। মারুতির (Maruti Suzuki) জনপ্রিয় একটি গাড়ির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে কোম্পানি। জনপ্রিয় মিড-সাইজ এসইউভি গ্র্যান্ড ভিটারার নির্দিষ্ট কয়েকটি ভেরিয়েন্টের দাম এবার বাড়িয়েছে সংস্থা। এমনকি সর্বোচ্চ 15,400 টাকা পর্যন্ত দাম বেড়েছে এই এসইউভির। এর পাশাপাশি সম্প্রতি সুইফট এবং ইকোর মতো জনপ্রিয় মডেলেরও নির্বাচিত কিছু ভেরিয়েন্টের দাম সংশোধন করা হয়েছে। গত ২২ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে এই নতুন রেট। জনপ্রিয় গাড়ির দাম বাড়াল মারুতি সুজুকি জানা গিয়েছে, এবার Arena এবং Nexa উভয় ডিলারশিপ নেটওয়ার্কের নির্বাচিত গাড়ির ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অটোমোবাইল রিপোর্ট অনুযায়ী খবর, গ্র্যান্ড ভিটারার সব ভেরিয়েন্টের দাম বাড়েনি। তবে শুধুমাত্র দুটি নির্দিষ্ট ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। Zeta 2WD 1.5 Petrol MT ভেরিয়েন্টের দাম বেড়েছে 15,400 টাকা এবং Alpha 2WD 1.5 Petrol MT ভেরিয়েন্টের দাম বেড়েছে 10,000 টাকা। এদিকে গ্র্যান্ড ভিটারার বাকি ভেরিয়েন্টগুলির দামে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে যেসব ক্রেতা বিশেষভাবে এই দুটি মডেল কেনার কথা ভাবছিলেন, তাদের এবার বাড়তি টাকা খরচ করতে হবে। উল্লেখ্য, গ্র্যান্ড ভিটারার পাশাপাশি 2026 সালের Swift-র নির্বাচিত বেশ কিছু ভেরিয়েন্টের দাম বাড়িয়েছে মারুতি সুজুকি। রিপোর্ট অনুযায়ী, সুইফটের দাম সর্বোচ্চ 10 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে 1.2 লিটার সিএনজি অটো ভেরিয়েন্ট পাওয়ারট্রেনের তিনটি ভেরিয়েন্টের দাম 10 হাজার টাকা করে বাড়ানো হয়েছে। তবে শতাংশ হিসেবে VXI মডেলের সবচেয়ে বেশি 1.24% দাম বেড়েছে। উল্লেখযোগ্য বিষয়, 1.2 লিটার পেট্রোল ম্যানুয়াল, পেট্রোল অটো এবং সিএনজি ম্যানুয়াল ইঞ্জিন ভেরিয়েন্টগুলির দামে সেরকম কোনও বদল আনা হয়নি। এই গাড়ির এক্স শোরুম দাম দাঁড়িয়েছে 5.84 লক্ষ টাকা থেকে 8.96 লক্ষ টাকার মধ্যেই। আরও পড়ুন: “অভিষেকের পায়ের তলায় পড়ে থাকত” ঋতব্রতর বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার কমার্শিয়াল ও ফ্যামিলি সেগমেন্টের পরিচিত গাড়ি ইকো 2026 মডেলের বেশ কিছু ভেরিয়েন্টের দাম বাড়িয়েছে সংস্থা। এই গাড়ির দাম সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত বেড়েছে বলেই খবর। 1.2 লিটার পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম 2500 টাকা বেড়েছে। এর পাশাপাশি কার্গো ভেরিয়েন্টের দাম 2500 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া পেট্রোল ম্যানুয়াল বাদে বাকি ভেরিয়েন্টগুলিতেও 2500 টাকা করে দাম বাড়ানো হয়েছে। দাম সংশোধনের পর এর নতুন এক্স শোরুম রেট দাঁড়িয়েছে 5.31 লক্ষ টাকা থেকে 8.12 লক্ষ টাকার মধ্যে। ফলে যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।

ভেজালের ভিড়ে হারাচ্ছে খাঁটি জিনিস, কীভাবে চিনবেন আসল জয়নগরের মোয়া? জানুন উপায়

অনন্যা সরকার, কলকাতা: নভেম্বরের প্রায় শেষ, কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে পড়তে চলেছে শীত। গায়ে শীতের ছোঁয়া লাগতেই বাজারেও এসে গেছে আসল ‘জয়নগরের মোয়া’ (Jaynagar Moya)। তবে সুন্দরবন থেকে বনগাঁ পর্যন্ত পুরো অঞ্চলেই এখন নকল মোয়ায় ভরে গেছে। অনেক ক্রেতা নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছেন। কিন্তু এই জনপ্রিয় শীতকালীন খাবারটিকে কী নকলের ভয়ে বর্জন করা যায়! এদিকে ভেজাল ও নকল মোয়ায় ছেয়ে গেছে বাজার, ফলে ক্রেতা ও বিক্রেতা – উভয় পক্ষই হতাশ। ২০১৫ সালে ‘জয়নগরের মোয়া’ ভৌগোলিক নির্দেশক বা জিআই (GI) তকমা পেয়েছিল, সেখানে খোদ জয়নগরেই এখন নকল মোয়া বিক্রি হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় মোয়া প্রস্তুতকারকদের একটি সংগঠন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে জোট বেঁধে কাজ করছে, যাতে আসল জয়নগরের মোয়া রাজ্যের সর্বত্র ও দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যায়। কীভাবে চিনবেন আসল জয়নগরের মোয়া? প্যাকেটের গায়ে থাকা উপাদানের তালিকা দেখে আসল ও নকল মোয়ার পার্থক্য বোঝা যায়। আসল মোয়া তৈরি হয় উন্নত মানের সুগন্ধি কনকচূড় ধানের খই, নলেন গুড় (পাতলা খেজুর গাছের নতুন গুড়), খোয়া ক্ষীর, ঘি, কাজু বাদাম ও কিসমিস দিয়ে। মোয়া কেনার আগে ক্রেতাদের বাক্সের বাইরে লেখা উপাদানের তালিকা, অনুমোদিত জিআই ইউজার নম্বর এবং উৎপাদনের স্থান যাচাই করে নেওয়া উচিত। মোয়া প্রস্তুতকারকরা এখন তাদের প্যাকেজড প্রোডাক্টে বারকোড যুক্ত করেছেন, এটি স্ক্যান করলেই বোঝা যায় পণ্যটি আসল নাকি নকল। বিক্রেতারা জানাচ্ছেন, মোয়ার সুগন্ধ থেকেও এর আসল-নকলের পার্থক্য বোঝা যায়।  ‘জয়নগর মোয়া নির্মাণ সোসাইটি’-র সম্পাদক অশোক কয়াল জানান, যে উন্নত মানের নলেন গুড় সংগ্রহ করার পরই মোয়া তৈরির কাজ শুরু হয়। তাঁদের মূল লক্ষ্য হলো, খাঁটি মিষ্টিটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাধারণত একেকটি বড় আকারের মোয়ার দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে প্রিমিয়াম বা উন্নত মানের মোয়ার দাম ৫০ থেকে ৬০ টাকাও হয়। এছাড়া প্যাকেটজাত মোয়া ১৮০, ২৫০ এবং ৪৫০ টাকার মতো বিভিন্ন মূল্যে পাওয়া যায়।   আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে খোঁজ মিলল মাংসাশী উদ্ভিদের, চোখ কপালে গবেষকদের প্রসঙ্গত, উচ্চমানের নলেন গুড়-এর অভাব ও লাভের হার কম হওয়ার কারণে জয়নগর, বাসন্তী, গোসাবা ও কুলতলির অনেক গুড় ও মোয়া উৎপাদক বাধ্য হয়ে অন্য পেশার দিকে ঝুঁকছেন। মোয়ার গুণমান অনেকাংশেই কনকচূড় ধানের ওপর নির্ভরশীল হয়। আর এই বিশেষ ধানটির দুষ্প্রাপ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অন্য জাতের ধান থেকে তৈরি খই মোয়াতে ব্যবহার করছেন। সর্বপ্রথম জয়নগর ও বহড়ু অঞ্চলে মোয়া শিল্পের উদ্ভব হয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের পর থেকে এর রপ্তানি ক্রমাগত বাড়ছে। তাই আসল গন্ধ ও স্বাদের অতুলনীয় মোয়া মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নকল মোয়া উৎপাদন বন্ধ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন প্রস্তুতকারকরা।

চিনে মিলল বিপুল সোনার ভাণ্ডার, বিশ্বের সর্ববৃহৎ ‘গোল্ড রিজার্ভ’-র দেশ হবে ড্রাগন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোনার ভান্ডার (Gold Reserve) নিয়ে আবার চমক দিল চিন (China)। ড্রাগনের দেশের বিভিন্ন এলাকায় নতুন করে বিপুল পরিমাণ সোনার সম্ভাব্য সম্পদের সন্ধান মিলেছে। রিপোর্ট অনুযায়ী, দেশটির লিয়াওনিংয়ের দাদংগৌ এবং হুনানের ওয়াংগু এলাকার আবিষ্কারের পর জায়গাগুলিতে সর্বসাকুল্যে 2,444 টনেরও বেশি সোনার সম্ভাব্য মজুত রয়েছে বলেই ধারণা করছেন চিনা গবেষকরা। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার পৃথিবীর সবচেয়ে বেশি সোনার মজুতকারী দেশ হয়ে উঠল চিন? ড্রাগনের দেশে তাল তাল সোনা রয়টার্স-এর রিপোর্ট অনুযায়ী, চিনের লিয়াওনিংয়ের দাদংগৌ খনিতে কম করে প্রায় 1,444.49 টন সোনার মজুতের হিসেব পাওয়া গিয়েছে। এর আকরিকের পরিমাণ প্রায় 258.6 কোটি টন। যেখানে প্রতিটা আকরিক কম করে 0.56 গ্রাম সোনা রয়েছে। 1949 সালের পর এটিকে ড্রাগনের দেশের সবচেয়ে বড় একক সোনার ভান্ডারগুলির মধ্যে অন্যতম ভান্ডার হিসেবেই বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, হুনানের ওয়াংগু এলাকায় প্রায় 300.2 টন সোনার সম্পদ নিশ্চিত করেছে চিনের প্রশাসন। এই দুই এলাকার সোনার মজুদের পাশাপাশি আরও 1000 টনেরও বেশি সোনার সম্ভাব্য মজুত মাটির একেবারে গভীর স্তরে থাকতে পারে বলে অনুমান করছেন চিনা গবেষকরা। এক কথায়, নিশ্চিত সম্পদ এবং সম্ভাব্য সম্পদের মোট হিসেব অনুযায়ী, চিনের বিভিন্ন এলাকায় 2,444 টনেরও বেশি সোনার মজুতের সম্ভাব্য সন্ধান পেয়েছেন গবেষকরা। এখন দেখার সেই সম্ভাবনা ঠিক কতটা সত্যি হয়। আরও পড়ুন: আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভারতের জয়জয়কার, ৯ পড়ুয়ার ঝুলিতে ৯টি সোনা প্রসঙ্গত, ড্রাগনের দেশে ফের বিপুল সোনার মজুদের সন্ধান মিলেছে মানেই যে দেশটি বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুতকারী দেশ হয়ে উঠেছে এমনটা নয়। চলতি মাসের হিসেব অনুযায়ী, এই মুহূর্তে চিনের সরকারি সোনার মজুত প্রায় 2,435 টন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকার বর্তমান সোনার মজুত প্রায় 8,133.5 টন। কাজেই আবিষ্কৃত নতুন সোনার পরিমাণ যোগ করলেও আমেরিকাকে টপকাতে পারবে না ড্রাগনের দেশ।

পশ্চিম মেদিনীপুরে খোঁজ মিলল মাংসাশী উদ্ভিদের, চোখ কপালে গবেষকদের

সহেলি মিত্র, কলকাতা: আবারও শিরোনামে মেদিনীপুর। এবার এই মেদিনীপুরের মাটিতে প্রকৃতির বিস্ময়কর জিনিস মিলল। গবেষকরা খুঁজে পেলেন বিরল ‘সূর্যশিশির’ (Sundew)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এটি কিন্তু কোনও সাধারণ উদ্ভিদ নয়। সূর্যশিশির বা এমন এক আশ্চর্য পতঙ্গভুক উদ্ভিদ, যার পাতার আঠালো গ্রন্থিতে ছোট পোকামাকড় আটকে যায়। অর্থাৎ এটি মাংসাশী। মেদিনীপুরের মাটিতে এটি কীভাবে এল? সেটা ভেবেই তজ্জব গবেষক থেকে শুরু করে প্রশাসক। মেদিনীপুরে খোঁজ মিলল মাংসাশী উদ্ভিদের এহেন মাংসাশী উদ্ভিদ মিলতেই প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কীভাবে এবং কোথা থেকে এর উৎপন্ন হল, কেউ ঠাউর করে উঠতে পারছেন না। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ঘাসজমি ও জলাভূমিতে পতঙ্গভুক উদ্ভিদের সন্ধান পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) শনাক্ত হয়েছে দুটি সূর্যশিশির প্রজাতি। একটি হল Drosera indica এবং অন্যটি হল Drosera burmannii। এই উদ্ভিদটিকে সংরক্ষণের দাবি জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। বলা হয়, প্রাকৃতিক ঘাসজমি ধ্বংস এবং জলাভূমি দূষণের কারণে এই উদ্ভিদগুলির অস্তিত্ব বিপন্ন হচ্ছে। কারা খুঁজে পেয়েছেন? ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বহু মানুষ এই মাংসাশী উদ্ভিদের ছবি, ভিডিও শেয়ার করেছেন। আর এই দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে অনেকের। ছোট এবং লাল রঙের এই অদ্ভুত রকমের উদ্ভিদটি সকলের কৌতূহল বাড়িয়েছে। জানা গিয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষক দল এই উদ্ভিদের খোঁজ পেয়েছেন।  দলে ছিলেন অধ্যাপক অমল কুমার মণ্ডল, গবেষক সুখদেব বেরা, সহকারী গবেষক ড. অয়ন কুমার নস্কর প্রমুখ। আরও পড়ুন: দারিদ্র্য পেরিয়ে মহাকাশে, বীরভূমের কৃষকের ছেলে সুলতান পেলেন ISRO-তে গবেষণার সুযোগ গত দুই বছরে ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও একই রকমের উদ্ভিদের দেখা মিলেছিল। এই উদ্ভিদের ডগায় রয়েছে আঠালো রস, যেখানে সূর্যের আলো পড়লে চকচক করে ওঠে। আর এটিই পোকামাকড়কে আকর্ষণ করে। এরপর এতে ওই পোকামাকড় এসে বসলে আঠার জেরে আর উঠতে পারে না। ফলে এই উদ্ভিদকে মাংসাশী বলা হয়।

১৮৬২ থেকে ২০২৬, তামিলনাড়ুর দীপথূনে প্রদীপ জ্বালানো নিয়ে বিতর্কের ইতিহাস জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: তামিলনাড়ুর (Tamil Nadu) মাদুরাইয়ের তিরুপরনকুন্দ্রম পাহাড়ের দীপথূনে কার্তিগাইতে প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে চলা বিতর্ক আবারও দেশের শীর্ষ আদালতে উঠে এলো। ১৮৬২ সালে শুরু হওয়া এই বিরোধ ২০২৬ সালে এসে নতুন করে আইনি মোড় নিয়েছে। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকার আর মন্দির প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করার পাশাপাশি পাহাড় আর মন্দিরে নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফের হাতে তুলে দিয়েছে বলেই খবর। কী কারণে এই বিতর্ক? আসলে মাদুরাইয়ে কার্তিক পূর্ণিমা উপলক্ষে কার্তিগাই দীপম উৎসব পালিত হয় প্রতি বছর। আর এই রীতি অনুযায়ী তিরুপরনকুন্দ্রম পাহাড়ের উপরের অংশে অবস্থিত পাথরের স্তম্ভ বা দীপথূনে প্রদীপ জ্বালানোর দাবি জানিয়ে আসছিল হিন্দু সংগঠনগুলি। কিন্তু পাহাড়ের উপরের অংশে সিকান্দার বাদুশা দরগাহ অবস্থিত হওয়ায় এবং আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রশাসন সেখানে প্রয়োজনীয় অনুমতি দিতে চায়নি। যার পরিবর্তে উচিপিল্লাইয়ার মন্দিরের কাছে প্রথাগত স্থানে প্রদীপ জ্বালানো হতো। তবে বিতর্ক কিন্তু নতুন নয়। বেশ কিছু নথিপত্র ঘেঁটে জানা গেল, ১৮৬২ এবং ১৯১২ সালে দীপথূনে প্রদীপ জ্বালানোর চেষ্টা করা হলেও তৎকালীন প্রশাসন সেই অনুমতি দেয়নি। এমনকি পাহাড়ের মালিকানা নিয়েও রয়েছে দীর্ঘ আইনি লড়াই। ১৯২৩ সালে একটি সাবকোর্ট পাহাড়ের মালিকানা অরুলমিগু সুব্রহ্মণ্য স্বামী মন্দিরকে দিলেও দরগাহর স্থান, সিঁড়ি এবং এলাকায় মুসলিম সম্প্রদায়ের অধিকার বহাল রাখে। এরপর ১৯২৬ সালে মাদ্রাজ হাইকোর্ট এই রায় পাল্টালে ১৯৩১ সালে লন্ডনের প্রিভি কাউন্সিল ১৯২৩ সালের রায়কে বহাল রাখে। মাদ্রাজ হাইকোর্ট শর্তসাপেক্ষে পাহাড়ের অন্য কোনও স্থানে প্রদীপ জ্বালানোর বিষয়টি বিবেচনার অনুমতি দিয়েছিল ১৯৯৬ সালে। কিন্তু দরগাহ থেকে নির্দিষ্ট দূরত্বে তা হতে হবে বলেই জানানো হয়। এদিকে ২০২৫ এর ১ ডিসেম্বর মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ দীপথূনে কার্তিগাই দীপম জ্বালানোর নির্দেশ দেয়। তারপর ২০২৬ এর ৬ জানুয়ারি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগের রায় বহাল রাখলে আগস্ট মাসে তামিলনাড়ু সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এরপর গত ২০ থেকে ২৪ নভেম্বর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে শুধুমাত্র এই বছরের জন্য ২৪ নভেম্বর প্রদীপ জ্বালানোর অনুমতি দেয়। কিন্তু তামিলনাড়ু সরকারের আপত্তির মুখে ২৪ নভেম্বর দীপথূনের বদলে পুরোনো স্থানে প্রদীপ জ্বালানো হয়। অবশেষে ২৭ নভেম্বর আদালতের নির্দেশ অমান্য করায় সুপ্রিম কোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে। এমনকি রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি আর মাদুরাই কালেক্টরকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। আরও পড়ুন: তৃণমূলত্যাগী ২০ সাংসদের ভোট আটকানোর আর্জি, এবার স্পিকারকে চিঠি অভিষেকের বর্তমানে দীপথূনে প্রদীপ জ্বালানোর কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি এই পুরো পাহাড় ও মন্দির চত্বরের নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশের বদলে সিআরপিএফের হাতেই দেওয়া হয়েছে। এমনকি গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

বদলে যেতে পারে গৌড় এক্সপ্রেসের সময়সূচি, রেল মন্ত্রীর কাছে গেল চিঠি

সহেলি মিত্র, কলকাতা: গৌড় এক্সপ্রেস নিয়ে জরুরি খবর। এবার গৌড় এক্সপ্রেসের (Gour Express) সময়সূচি পরিবর্তনের দাবি উঠল। বর্তমানে গভীর রাতে মালদহ থেকে ছেড়ে ভোররাতে শিয়ালদহে পৌঁছয় ট্রেনটি। এর ফলে কলকাতায় নেমে পরবর্তী গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েন বহু যাত্রী। বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগী, তাঁদের পরিবারের সদস্য, পড়ুয়া এবং প্রবীণ নাগরিকদের ভোগান্তি বেশি হয়। এই সমস্যা সমাধানে ট্রেনটির ছাড়ার সময় পিছিয়ে রাত সাড়ে ১০টা করার আবেদন জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) চিঠি দিয়েছেন বিজেপির দক্ষিণ মালদহ জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। বর্তমানে কখন ছাড়ে গৌড় এক্সপ্রেস? বর্তমান সময়সূচি অনুযায়ী, গৌড় এক্সপ্রেস মালদহ টাউন স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে ছাড়ে এবং ভোর ৪টে ৪০ মিনিটে শিয়ালদহে পৌঁছয়। এত সকালে কলকাতায় পৌঁছনোর পর পর্যাপ্ত বাস বা অন্যান্য গণপরিবহণ না পাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। পাশাপাশি, অনেক হোটেলে নির্ধারিত সময়ের আগে চেক-ইন করার সুযোগও থাকে না। ফলে অনেককে দীর্ঘক্ষণ শিয়ালদহ স্টেশনেই অপেক্ষা করতে হয়। যাত্রীদের এই অসুবিধার কথা তুলে ধরে অজয় গঙ্গোপাধ্যায় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তাঁর আবেদন, মালদহ টাউন থেকে গৌড় এক্সপ্রেসের ছাড়ার সময় রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে রাত সাড়ে ১০টা করা হোক। এই প্রস্তাব কার্যকর হলে ট্রেনটির শিয়ালদহে পৌঁছনোর সময়ও পরিবর্তিত হয়ে ভোর সাড়ে ৫টা নাগাদ হতে পারে বলে দাবি করা হয়েছে। আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য সুখবর! হলদিবাড়ি থেকে ফের চালু ইন্টারসিটি এক্সপ্রেস, জানুন রুট রেলমন্ত্রকের সিদ্ধান্তের অপেক্ষায় যাত্রীরা আবেদনকারীর মতে, সময়সূচি পরিবর্তন করা হলে কলকাতায় পৌঁছে যাত্রীরা পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য গণপরিবহণের কিছুটা বেশি সুবিধা পেতে পারেন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসা রোগী ও প্রবীণ যাত্রীদের ভোগান্তি কমতে পারে। তবে এখনও পর্যন্ত গৌড় এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তনের কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি। রেলমন্ত্রক এই প্রস্তাবে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন মালদহ ও আশপাশের এলাকার নিয়মিত যাত্রীরা।

পরিচয় লুকিয়ে ২০ বছর ধরে বসবাস, SIR তদন্তে নিমতায় গ্রেফতার ৩ বাংলাদেশি

আনিষা চৌধুরী, কলকাতা: মমতা ব্যানার্জির আমলে বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাসের দাবি। এসআইআর-এর তদন্তে বেরিয়ে পড়ল আসল পরিচয়। উত্তর ২৪ পরগনার নিমতা থানার বড়ফিঙা এলাকা থেকে গ্রেফতার হলেন একই পরিবারের তিন সদস্য। নির্বাচন কমিশনের নির্দেশে ২০২৫ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়। ভোটার তালিকায় স্বচ্ছতা আনা, ভুয়ো ও অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়া এবং প্রকৃত ভোটারদের নাম নিশ্চিত করতেই এই উদ্যোগ। সেই প্রক্রিয়ায় তথ্য যাচাই করতে গিয়েই সামনে এল এই ঘটনা। গ্রেফতার বাংলাদেশের এক পরিবার (Bangladesh)। কীভাবে ধরা পড়লেন তাঁরা? শুক্রবার নিমতা থানার বড়ফিঙা এলাকায় এসআইআর-এর তথ্য সংগ্রহ ও যাচাই করতে গিয়েছিলেন পুলিশকর্মীরা। সেই সময় একটি বাড়িতে ভাড়া থাকা পরিবারের সদস্যদের দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর তাঁদের নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে বাংলাদেশের নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। ধৃতেরা হলেন ৬০ বছর বয়সি লিয়াকত আলি মোল্লা, তাঁর স্ত্রী ৫০ বছর বয়সি নার্গিস বিবি এবং তাঁদের ছেলে হুমায়ুন কবীর মোল্লা। তাঁদের কাছ থেকে বাংলাদেশের ভোটার পরিচয়পত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, ধৃতেরা বাংলাদেশের খুলনা জেলার তেরখাদা থানার নাচুনিয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রায় ২০ বছর আগে চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। পাসপোর্ট ও ভিসা ছাড়াই এ দেশে এসে নিমতার বড়ফিঙা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তাঁরা। অভিযোগ, পরিচয় গোপন করে আধার কার্ড, প্যান কার্ড-সহ একাধিক ভারতীয় নথিও তৈরি করেছিলেন। ওই বাংলাদেশি ব্যক্তি জানান, “কুড়ি বছর ধরে আছি। মমতার আমলে এসেছিলাম। যারা সাহায্য করেছিল, তারা তৃণমূল কি না জানি না। আমার ভোটার কার্ড নেই, আমি বানাতে পারিনি। মমতা ছিল বলেই শান্তিভাবে ছিলাম। বাংলাদেশের খুলনায় থাকতাম। এখানে কুড়ি বছর ভাড়া ছিলাম। আবার বাংলাদেশ চলে যাব।” আরও পড়ুন: ভারতের হয়ে জোড়া সোনা জয়, অভাবে কাটছিল সংসার! বুল্টি রায়ের স্বপ্ন পূরণ করলেন সন্তু পান অন্যদিকে, ধৃতদের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁদের দাবি, রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন তাঁদের কোনও অসুবিধার মুখে পড়তে হয়নি। যদিও তাঁদের ভারতে প্রবেশে কারা সাহায্য করেছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ওই ব্যক্তি। বিজেপির তরফেও এই ঘটনা নিয়ে রাজ্যের প্রাক্তন শাসকদলকে নিশানা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

যৌতুকে গাড়ি চেয়ে কপালে জুটলো খেলনা ‘থার’, বরপক্ষকে আটক করে ‘শিক্ষা’ কনেপক্ষের

অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: আসলের বদলে বরপক্ষের কপালে জুটলো খেলনা গাড়ি। তাই নিয়েই মেরঠের পার্তাপুরের সোলানায় তুলকালাম কাণ্ড। বিয়ের যৌতুক (Dowry) হিসেবে গাড়ি চাওয়াকে কেন্দ্র করে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বরপক্ষের দাবিতে ক্ষুব্ধ হয়ে কনের পরিবার এমন জবাব দিয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। বিয়ের অনুষ্ঠানের জন্য ‘লালখাত’ নিয়ে আসা বরের পরিবারকে আসল ‘থার’ (Mahindra Thar)-এর পরিবর্তে একটি খেলনা গাড়ি ধরিয়ে দিয়েছে কনের পরিবার। এর সঙ্গেই ক্যামেরার সামনে সম্পর্ক ভাঙার ঘোষণাও করেন কনের বাবা।  পণে গাড়ি দেওয়ায় আপত্তি জানিয়ে সম্পর্কচ্ছেদ কনেপক্ষের স্থানীয় সূত্রে খবর, ভবনপুরের জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শামশের নামের এক ব্যক্তি, সোলানার বাসিন্দা বাব্বরের মেয়েদের সঙ্গে তার দুই ছেলে মেহতাব ও জাইদের বিয়ের ব্যবস্থা করেছিলেন। শনিবার সকালে শামশের তার ছেলেদের জন্য বিবাহরীতি অনুযায়ী ‘লালখাত’ নিয়ে সোলানায় মেয়ের বাড়িতে আসেন। অভিযোগ উঠেছে যে, তিনি যৌতুক হিসেবে একটি থার গাড়ি দাবি করেছিলেন। এই দাবিতে ক্ষুব্ধ হয়ে মেয়ের পরিবার শামশের ও তার সঙ্গীদের বাড়িতে ১০ ঘণ্টা আটক করে রাখে। অবশেষে আসল থারের বদলে তাদের একটি খেলনা থার দেওয়া দিয়ে সম্পর্কটি ছিন্ন করা হয়। মেয়ের পরিবারের তরফে অভিযোগ, শামশের বিয়েতে একটি গাড়ির জন্য জেদ ধরেছিলেন। এরপর বাব্বর তাকে ‘লালখাত’ অনুষ্ঠানের জন্য নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। মুসলিম সমাজে বিয়ের আগে ‘লালখাত’ অনুষ্ঠানে পাত্রীর পরিবারের পক্ষ থেকে পাত্রপক্ষকে বিয়ের দিনক্ষণ ও অন্যান্য বিবরণসহ আমন্ত্রণপত্র দেওয়া হয়। শামশেরকে এই অনুষ্ঠানের জন্যই ডাকা হয়েছিল, তারপর তাকে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত আটকে রাখা হয়। আরও পড়ুন: দারিদ্র্য পেরিয়ে মহাকাশে, বীরভূমের কৃষকের ছেলে সুলতান পেলেন ISRO-তে গবেষণার সুযোগ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শামশেরের কোলে একটি খেলনা থার ধরে রয়েছেন, যা কনের পরিবারই তার কোলের ওপর রেখে ভিডিওটি রেকর্ড করে। যদিও শামশের দাবি করেছেন যে, তিনি কোনো যৌতুক চাননি। কনের পক্ষের কিছু সদস্য তার বিরুদ্ধে গাড়ি চাওয়ার মিথ্যা অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। শামশের বলেন তিনি ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে সমঝোতা করেছেন এবং এ বিষয়ে আর কোনো পদক্ষেপ চান না।

একই গাড়িতে দিদি, বেবি! স্ট্যালিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক, সিদ্ধান্ত বদলালেন ডিএমকে প্রধান?

সৌভিক মুখার্জী, কলকাতা: এনডিএ-র ডিলিমিটেশন বিলে সমর্থন করবে বলে জানিয়েছিল স্ট্যালিনের (M. K. Stalin) ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি। সেই সূত্রে এদিন ডাবল চার্টার্ড ফ্লাইটে রাহুল, মমতারা সরাসরি পৌঁছে গেলেন স্ট্যালিনের বাড়িতে। উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষস্থানীয় সব নেতারা এবং ইন্ডি জোটের অন্যান্য সদস্যরা। সেখানে ডিএমকে সভাপতি স্ট্যালিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তাঁরা। এমনকি বৈঠক চলাকালীন রাহুল গান্ধী ও স্ট্যালিন একে অপরকে আলিঙ্গন পর্যন্ত করেন। তাহলে কি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছেন ডিএমকে প্রধান? চেন্নাইতে গুরুত্বপূর্ণ বৈঠক স্ট্যালিন এবং ইন্ডি জোটের স্ট্যালিনের বাড়িতে আজ বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খরগে, দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধী, লিডার অফ অপজিশন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ইন্ডি জোটের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এদিন স্ট্যালিনের বাসভবনে পৌঁছন। তবে তার আগেই গাড়িতে প্রথম সারিতে বসতে দেখা যায় মমতা, অভিষেক এবং সোনিয়া গান্ধীকে। আর পিছনেই একে একে মল্লিকার্জুন, রাহুল গান্ধী, সিপিআইএম নেতা এম এ বেবিরা বসেন। এ নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন বিরোধীরা। তবে ডিএমকে প্রধানের বাড়িতে কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলেই খবর। কংগ্রেস এবং ইন্ডি জোটের নেতারা চান, ডিএমকে তাদের অবস্থান থেকে সরে আসুক। কারণ, বর্তমানে ডিএমকে সরাসরি কেন্দ্রীয় সরকারের ডিলিমিটেশন বিলকে সমর্থন করার কথা জানিয়েছে। হাত শিবিরের যুক্তি, যদি নতুন আসন বণ্টন বর্তমান জনসংখ্যার ভিত্তিতে করা হয়, তাহলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে লোকসভার আসনের সংখ্যা অনেকটাই কমে যাবে। এতে রাজ্যগুলির রাজনৈতিক ক্ষমতা হ্রাস পাবে। আরও পড়ুন: IIT খড়গপুরের উন্মোচিত ৭৫ টাকার স্মারক মুদ্রার বুকিং শুরু, কোথায় পাবেন? অন্যদিকে স্ট্যালিন এবং ডিএমকের যুক্তি, জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগ করা হলে পরিবার পরিকল্পনায় ভালো ফল করা রাজ্যগুলির ক্ষতি হবে। তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি এ নিয়ে অনেকটাই উদ্বিগ্ন। সেই কারণেই ডিএমকে এই বিলকে সমর্থন জানিয়েছে। তবে এই বৈঠকে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু যদি ডিএমকে তাদের অবস্থান পরিবর্তন করে এবং সীমানা পুনঃনির্ধারণ বিলের বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে যোগ দেয়, তাহলে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে যদি স্ট্যালিন তাঁর সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে জোটে ভাঙন অবশ্যম্ভাবী।

ভারতের হয়ে জোড়া সোনা জয়, অভাবে কাটছিল সংসার! বুল্টি রায়ের স্বপ্ন পূরণ করলেন সন্তু পান

আনিষা চৌধুরী, কলকাতা: সরকার পরিবর্তনের পর রাজ্যে অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন অনেকে। সেই আবহেই এবার মাথার উপর পাকা ছাদের স্বপ্ন পূরণ হতে চলেছে তারকেশ্বরের (Tarakeswar) সোনার মেয়ে বুল্টি রায়ের (Bulti Roy)। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেলেও এতদিন টালির চালের ঝুপড়ি ঘরেই স্বামী ও দুই সন্তানকে নিয়ে দিন কাটাতে হত তাঁকে। এবার তাঁর হাতে ৩ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে বাড়ি তৈরির শংসাপত্র তুলে দিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। সরকারের বিরাট পদক্ষেপ আবুধাবিতে আয়োজিত ‘ওয়ার্ল্ড মাস্টার্স গেম ২০২৬’-এ জোড়া স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন বুল্টি। এর আগে জাতীয় ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় চারটি ইভেন্টে অংশ নিয়ে চারটিতেই সোনা জিতেছিলেন তিনি। কিন্তু এত সাফল্যের পরেও তাঁর পারিবারিক আর্থিক পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। টালির চালের ছোট্ট ঘরেই স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন এই অ্যাথলিট। বুল্টির বাড়ির পরিস্থিতির কথা সামনে আসার পর তাঁকে পাকা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক সন্তু পান। সেই সময় তিনি বলেছিলেন, “আমি নিজের প্রচার করার জন্য ওনার বাড়িতে যাব না, ছবি তুলতে। আমি যেদিন ওনাকে পাকা বাড়ি দিতে পারব, সেদিন ছবি তুলব ওনার সঙ্গে।” কথা রাখলেন বিধায়ক। এদিন বুল্টির হাতে বাড়ি তৈরির শংসাপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন বুল্টি, আজ সেই মুহূর্তেরই সাক্ষী থাকল গোটা তারকেশ্বর। আরও পড়ুন: IIT খড়গপুরের উন্মোচিত ৭৫ টাকার স্মারক মুদ্রার বুকিং শুরু, কোথায় পাবেন? বুলটি রায়কে যথাযথ সম্মান দিতে গিয়ে এদিন বিধায়ক সন্তু পান বলেন, “আমি একটা কথা বলি, আমরা মানুষ, মান-হুঁশ দুটোই থাকতে হবে। কথা দিয়ে চলে গেলাম, সেটা নয়। আমাদের কথা রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করতে হবে। লড়াই কঠিন হয়, একদিনে হয় না। কিন্তু একদিন ঠিক হয়।”

হলদিবাড়ি থেকে ফের ইন্টারসিটি এক্সপ্রেস চালু করল রেল, জানুন রুট

সহেলি মিত্র, কলকাতা: অপেক্ষার অবসান। আজ রবিবার থেকে ফের চালু হয়ে গেল হলদিবাড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস (Haldibari-Balurghat Intercity Express) ট্রেন। এটি প্রতিদিন ভোর ৫:৪৫ মিনিটে হলদিবাড়ি থেকে ছাড়বে। আশাকরি আর বন্ধ হবে না। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনের ইয়ার্ডের সমস্যার কারণে কয়েক মাস বন্ধ ছিল ট্রেন পরিষেবাটি। এরপর অবশেষে ফের শুরু হল এই ট্রেনটি। চলুন ট্রেনটির সময়সূচি, রুট ও ভাড়া কত সে সম্পর্কে জেনে নেওয়া যাক। ফের চালু হল হলদিবাড়ি-বালুরঘাট ট্রেন পরিষেবা জানা গিয়েছে, ট্রেন নম্বর ১৫৪৬৪ হলদিবাড়ি বালুরঘাট এবং ১৫৪৬৩ বালুরঘাট হলদিবাড়ি এক্সপ্রেস আপাতত প্রতিদিন অর্থাৎ সোমবার থেকে রবিবার অবধি চলবে। আপনাদের জানিয়ে রাখি, ট্রেনটিতে কিন্তু শুধুমাত্র জেনারেল আনরিজার্ভড কোচ আছে। এতে কোনও স্লিপার বা এসি কোচ নেই। ট্রেনের সময়সূচি, ভাড়া ও রুট এবার আসা যাক ট্রেনের রুট ও সময়সূচি সম্পর্কে। এক রিপোর্ট অনুযায়ী, ১৫৪৬৪ হলদিবাড়ি বালুরঘাট এক্সপ্রেস হলদিবাড়ি থেকে ছাড়বে সকাল ৫:৪৫ মিনিটে। এরপর ট্রেনটি বালুরঘাট পৌঁছাবে বিকেল ৩:১৫ মিনিটে। অন্যদিকে ১৫৪৬৩ বালুরঘাট হলদিবাড়ি এক্সপ্রেস বালুরঘাট থেকে ছাড়বে দুপুর ১২:১৫ মিনিটে এবং হলদিবাড়ি পৌঁছাবে রাত ১০:১৫ মিনিটে। আরও পড়ুন: এবার ট্রেনেই কেদারনাথ-বদ্রীনাথ? ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পে মিলল বড় সাফল্য হলদিবাড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসের রুট যাত্রাকালে মোট ৩৮৪ কিলোমিটার পথ পার করবে ট্রেনটি। সময় লাগবে সাড়ে নয় ঘন্টা থেকে ১০ ঘন্টা। ট্রেনটি যাত্রা পথে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, কিষাণগঞ্জ, নিউ কোচবিহার, দিনহাটা, বারসই এবং একলাখির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে। ভাড়া সম্পর্কে বললে জেলারেলে প্রায় ৫০ টাকা।