indiahood
indiahood

SIR বিতর্কের মাঝেই বিরাট দায়িত্ব পেতে পারেন জ্ঞানেশ কুমার, বড় পরিকল্পনা কেন্দ্রের

1 day ago

আনিষা চৌধুরী, কলকাতা: আসন্ন সময়ে ভারতের নির্বাচনী মানচিত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। লোকসভা ও বিধানসভায় আসনসংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ, একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। আর এই প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিরোধীদের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাতের মাঝেই তাঁকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

কী ঠিক করেছে কেন্দ্রীয় সরকার?

কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল ২০২৬ নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে লোকসভায় এই সংক্রান্ত বিল পেশ হলেও প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তা পাশ করানো সম্ভব হয়নি। এবার রাজ্যগুলির লোকসভায় প্রতিনিধিত্বের অনুপাত অপরিবর্তিত রেখে প্রতিটি রাজ্যে আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব সামনে এসেছে। পাশাপাশি আগামী ২৫ বছর আসনসংখ্যা স্থিতিশীল রাখার পরিকল্পনাও রয়েছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সংশোধিত প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

এই গোটা প্রক্রিয়া পরিচালনার জন্য গঠিত হবে ডিলিমিটেশন কমিশন। কমিশনের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের বর্তমান অথবা প্রাক্তন কোনও বিচারপতি। পাশাপাশি সদস্য হিসেবে থাকতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অথবা তাঁর মনোনীত অন্য কোনও নির্বাচন কমিশনার। সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচন কমিশনারও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। অর্থাৎ বিলটি সংসদে পাশ হলে কমিশনের সদস্য হিসেবে জ্ঞানেশ কুমারের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি নিজে থাকবেন, নাকি অন্য কোনও নির্বাচন কমিশনারকে মনোনীত করবেন, তা এখনও নিশ্চিত নয়।

প্রস্তাবিত বিল অনুযায়ী, প্রতিটি রাজ্যের ক্ষেত্রে কমিশনকে সহযোগিতা করবেন ১০ জন সহযোগী সদস্য। তাঁদের মধ্যে থাকবেন ওই রাজ্যের পাঁচজন লোকসভার সাংসদ এবং পাঁচজন বিধায়ক। তবে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের ভোটাধিকার থাকবে না। অন্যদিকে, বিরোধীদের আশঙ্কা, নির্বাচনী কেন্দ্রের সীমানা নতুন করে নির্ধারণের মাধ্যমে কোনও রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হতে পারে। এই ধরনের প্রক্রিয়াকে রাজনৈতিক পরিভাষায় ‘জেরিম্যান্ডারিং’ বলা হয়। যদিও কেন্দ্রীয় সরকার বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ।

আরও পড়ুন: NASA ছেড়ে ভারতে বাঙালি বিজ্ঞানী, স্বদেশী জেট ইঞ্জিন বানাতে ১৪ মিলিয়ন ডলার পেলেন পৃথ্বীশ কুণ্ডু

উল্লেখ্য, SIR প্রক্রিয়া ঘিরে দীর্ঘদিন ধরেই বিরোধীদের নিশানায় রয়েছেন জ্ঞানেশ কুমার। ভোটার তালিকা সংশোধনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁকে পদ থেকে সরানোর দাবিও জানিয়েছে বিরোধী শিবির। চলতি বছরের মার্চ মাসে ১৯৩ জন বিরোধী সাংসদ তাঁকে অপসারণের নোটিস জমা দিয়েছিলেন। তবে লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান সেই নোটিস খারিজ করে দেন।

Click here to Read More
Previous Article
পাক অধিকৃত কাশ্মীর দখলের পথে ভারত!
Next Article
ডার্বির আগে মোহনবাগান ভক্তদের জন্য খারাপ খবর, সুবিধা হয়ে গেল ইস্টবেঙ্গলের

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment