indiahood
indiahood

AI প্রশিক্ষণ থেকে অনলাইন কোচিং, স্বাধীনতা দিবসে জেন জিদের পাশে থাকার বার্তা মোদীর

2 hours ago

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ, ১৫ আগস্ট, গোটা দেশজুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস (Independence Day)। অন্যদিকে প্রতি বছরের ন্যায় এই বছরও লালকেল্লায়(Red Fort) জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, সকাল সাতটা পনেরো নাগাদ লালকেল্লায় পৌঁছন তিনি। সেখানে সেনাদের তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই প্রধানমন্ত্রী দেশের পথচলা, অর্জনের ইতিহাস এবং ভবিষ্যতে যুবসমাজের স্বপ্ন নিয়ে বিশেষ বার্তা তুলে ধরেন।

বিনামূল্যে অনলাইন কোচিং এবং AI প্রশিক্ষণ

স্বাধীনতা দিবসের ভাষণে দেশের যুবসমাজের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ-তরুণীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে আরও সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, “আমাদের দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বিভিন্ন পরীক্ষার জন্য শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিং পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।”

অন্যদিকে ভারতের যুবশক্তিকে ভবিষ্যতের উদীয়মান প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, দেশের ১ কোটি যুবক-যুবতীকে আগামী এক বছরের মধ্যে AI বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি বিশেষ প্রকল্প চালু করা হবে।

আত্মনির্ভরশীল ভারতের জন্য বিশেষ বার্তা মোদীর

এদিন লালকেল্লা থেকে আত্মনির্ভর ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থ নিজেদের রক্ষা করতে হয়। অন্যের উপরে ভরসা করে দেশ গড়া যায় না।’ তাঁর ভাষণে এদিন দেশের ‘শক্তি নিরাপত্তা’, অতিপ্রয়োজনীয় ‘ক্রিটিক্যাল মিনারেলস’ এবং সেমিকন্ডাক্টর শিল্পের কথা উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করার নিদান দেন। তিনি বলেন, ভারতের যেসব ক্ষেত্রকে ‘নো-গো এলাকা’ বলে মনে করা হত, সেগুলোকে এখন সফলভাবে ‘গো-অ্যাহেড এলাকা’- য় পরিণত করা হয়েছে। পাশাপাশি আরও বেশি সংখ্যক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান তিনি। ২০৪৭-এর মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে।

‘বিকশিত ভারত’ নিয়ে তরুণদের উদ্দেশে বার্তা মোদীর

বিকশিত ভারতের ক্ষেত্রে দেশের উন্নয়নের জন্য সাতটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), যাকে ‘শক্তির সপ্তধা’ বলে আখ্যা দিয়েছেন তিনি। সেই সাতটি ক্ষেত্রে হল – উৎপাদন শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, প্রতিরক্ষা শক্তি, সবুজ ও নীল অর্থনীতি এবং ভারতের সফট পাওয়ার। যুবসমাজের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি জানান, ‘দেশের যুবসমাজ, মা-বোনেরা, কৃষক এবং শ্রমিকদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তাঁদের সম্মিলিত শক্তিতেই আমরা ‘বিকশিত ভারত’-এর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারব।’

ফরচুন তালিকায় অন্তত ৫০টি ভারতীয় সংস্থা!

অন্যদিকে ব্যবসা ও কর্পোরেট জগতের জন্য বড় লক্ষ্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, বিশ্বের সেরা ৫০০ সংস্থার তালিকা ‘ফরচুন ৫০০’-এ ভারতের আরও বেশি সংস্থাকে জায়গা করে নিতে হবে। মোদী বলেন, ‘আমরা সবসময় বিশ্বের সেরা ফরচুন ৫০০ সংস্থার কথা বলি। কিন্তু আমরা কেন এমন লক্ষ্য নেব না, যাতে ওই তালিকায় অন্তত ৫০টি ভারতীয় সংস্থা জায়গা করে নিতে পারে?’ এদিন সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: বকেয়া DA নিয়ে নবান্নে ফের বৈঠক, পেনশন থেকে পে কমিশন নিয়ে একগুচ্ছ দাবি কর্মীদের

এছাড়াও ভারতে খেলাধুলোর ভবিষ্যৎ নিয়ে বিরাট বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০৩৬ সালের অলিম্পিক গেমসের প্রসঙ্গ তুলে তিনি জানান, “২০৩৬ অলিম্পিকের প্রতিটি প্রতিযোগিতামূলক ইভেন্টে যাতে ভারত অংশ নিতে পারে, সেটাই দেশের মূল লক্ষ্য হওয়া উচিত। এর জন্য দেশজুড়ে একটি বৃহৎ ক্রীড়া প্রতিভা খোঁজের অভিযান চালু করা হবে। এর মাধ্যমে দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবান শিশুদের চিহ্নিত করা হবে। এদিন হাইড্রোজেন ট্রেনের ক্ষেত্রেও ভারতের জয়যাত্রার কথা শোনা গিয়েছে মোদীর ভাষণে।

Click here to Read More
Previous Article
বকেয়া DA নিয়ে নবান্নে ফের বৈঠক, পেনশন থেকে পে কমিশন নিয়ে একগুচ্ছ দাবি কর্মীদের
Next Article
টুলু মণ্ডলের কাণ্ডে এবার গ্রেফতার সরকারি কর্মী।

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment