indiahood
indiahood

হাসপাতাল আয়ুষ্মান কার্ডে পরিষেবা না দিলে অভিযোগ জানান এভাবে, অ্যাকশন নেবে সরকার

11 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) পরিষেবা। ইতিমধ্যেই বহু আবেদনকারী অনলাইনে সরকারি পোর্টাল থেকে নিজেদের আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিয়েছেন। আর এই কার্ড দিয়েই বছরে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা (Free Treatment In West Bengal) পরিষেবা পাবেন উপভোক্তারা (Ayushman Bharat Card Benefits)। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যদি আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করে সেক্ষেত্রে কী করবেন জানা আছে?

আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা না পেলে কী করবেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনার আওতায় একজন রোগী বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। রাজ্য তথা দেশের যেকোনও প্রান্তে তালিকাভুক্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে মিলবে এই পরিষেবা। তবে আয়ুষ্মান ভারত কার্ড দেখানো সত্বেও যদি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা করতে অস্বীকার করে সেক্ষেত্রে কোনও সরকারি অফিসে ছোটাছুটি না করেই অভিযোগ জানাতে পারবেন সরকারের কাছে।

বলে রাখা প্রয়োজন, সরকারের কাছে অভিযোগ জানানোর আগে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করে নিতে হবে উপভোক্তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করলে তাদের কাছে লিখিত বক্তব্য চেয়ে নিন। একই সাথে আয়ুষ্মান ভারত কার্ড কোনও তালিকাভুক্ত হাসপাতাল প্রত্যাখ্যান করলে, হাসপাতালের যে চিকিৎসক বা কর্মী পরিষেবা দিতে অস্বীকার করেছেন তাঁর পুরো নাম, তারিখ এবং সময় লিখে রাখুন।

এখানেই শেষ নয়, চিকিৎসা পরিষেবা না পেলে ডাক্তারের প্রেসক্রিপশন, যাবতীয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হাসপাতালের তরফে পাওয়া স্লিপের একটি কপি নিজের কাছে গুছিয়ে রেখে দিন। এছাড়াও হাসপাতালে যদি আপনাকে কোনও বিল পরিশোধ করতে হয় সেক্ষেত্রে সেই বিলটি নিজের কাছে রেখে দিন। একই সাথে হাসপাতালের নাম, নির্দিষ্ট শাখার নাম এবং লোকেশন লিখে রাখুন। এসবই অভিযোগ জানানোর সময় কাজে লাগবে। পাশাপাশি সঙ্গে রাখতে হবে রোগীর আয়ুষ্মান ভারত কার্ড এবং আধার বা ভোটার আইডি কার্ডের নম্বর।

আরও পড়ুন: জনগণনায় শিক্ষকদের ব্যবহার নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

কীভাবে অভিযোগ জানাবেন?

আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ যদি চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করে সেক্ষেত্রে cgrms.pmjay.gov.in-এ গিয়ে সরকারের কাছে অভিযোগ জানাতে পারেন। কীভাবে অভিযোগ জানাবেন?

  • প্রথমেই চলে যান cgrms.pmjay.gov.in ওয়েবসাইটটিতে।
  • এবার হোমপেজ থেকে ‘আপনার অভিযোগ রেজিস্টার করুন’ অপশনটি বেছে নিন।
  • সামনে যে পেজ খুলবে সেখান থেকে PMJAY প্রকল্পটি বেছে নিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যান।
  • এবার আপনার নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং আয়ুষ্মান ভারত কার্ডের নম্বর ও বিবরণ লিখুন। (রোগীর সমস্ত তথ্য বসাতে হবে)
  • এই পর্বে আপনাকে অভিযোগ জানানোর জন্য হাসপাতাল নির্বাচন করে হাসপাতালের নাম এবং বিবরণ লিখে দিতে হবে।
  • এবার সামনে আসা পেজে অভিযোগের বক্সে আপনার যা অভিযোগ অর্থাৎ আপনার সাথে যা ঘটেছে তা সংক্ষিপ্ত আকারে লিখুন। সঙ্গে লিখতে হবে নির্দিষ্ট চিকিৎসকের নাম, যিনি চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করেছেন সেই কর্মীর নাম, নির্দিষ্ট তারিখ ও সময়।
  • এর পরের ধাপে আপনি হাসপাতালে কোনও বিল পরিশোধ করে থাকলে তার নির্দিষ্ট রশিদ, হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত বিবরণ থাকলে সেটা বা হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে তার রশিদ থাকলে আপলোড করে দিতে হবে।
  • সমস্ত নথি আপলোড করে একবার চেক করে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিন। ফর্ম জমা হয়ে গেলে আপনার সামনে একটি কমপ্লেন রেজিস্টার্ড নম্বর আসবে। সেটি লিখে রাখুন।
  • পরবর্তীতে ওই নম্বর দিয়েই নিজের অভিযোগের স্ট্যাটাস চেক করতে পারবেন।

অনলাইনে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানোর পাশাপাশি একজন অভিযোগকারী 14555 হেল্পলাইন নম্বরে কল করেও তাঁর সাথে ঘটা সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সরকার।

Click here to Read More
Previous Article
সাগরে ফের জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
Next Article
তৃণমূল জমানার শেষ পাঁচ বছরে জারি সমস্ত বার্থ সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের! ফের ভেরিফিকেশন?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment