indiahood
indiahood

NDA-র বৈঠকে মোদী-শাহের সাথে প্রথম সারিতে সুদীপ, গরহাজির ৩ NCPI সাংসদ

5 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: কাকলি ঘোষ দস্তিদারের পর এবার এনসিপিআই দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এনডিএ-র বৈঠকে (NDA Meeting) প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রথম সারিতেই বসতে দেখা গেল। এদিকে আবার আজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে এনসিপিআই সাংসদদের। তবে তার আগে তাঁরা এনডিএ-র মঙ্গল মিলন বৈঠকে যোগদান করলেন। কিন্তু হ্যাঁ, এই বৈঠকে উপস্থিত ছিলেন না তিনজন এনসিপিআই সাংসদ। সেক্ষেত্রে বাড়ছে জল্পনা। তাহলে তাঁরা কি আবার তৃণমূলে যোগদান করছেন?

মোদী-শাহের সাথে প্রথম সারিতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়

সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পর গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় এনডিএ জোটের প্রথম বৈঠক। তবে সেখানে কোনও কারণে উপস্থিত থাকতে পারেননি দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবর্তে মোদী, অমিত শাহ, রাজনাথ সিংদের সঙ্গে একেবারে প্রথম সারিতেই দেখা যায় এনসিপিআই দলের মুখ্য সচেতক তথা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। তবে আজ অর্থাৎ মঙ্গলবার মোদী-শাহদের সঙ্গে বসেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অপর প্রান্তের প্রথম সারিতে বসতে দেখা যায় কাকলি ঘোষ দস্তিদারকে। দ্বিতীয় সারিতে বসেন শতাব্দী রায়।

কিন্তু হ্যাঁ, যে জল্পনা এতদিন ধরে চলছিল, তাতে যেন আরও ঘি ঢাললেন এনসিপিআই-র তিনজন সাংসদ। এদিন বৈঠকে অনুপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এই তিনজনকে নিয়েই ছড়িয়েছিল জল্পনা। তাঁরা নাকি আবারও তৃণমূল কংগ্রেসে ফেরার জন্য নিয়মিত যোগাযোগ রাখছেন দলের সঙ্গে। এমনকি কুণাল ঘোষ নিজেও বলেছিলেন, “ওদিকে যাওয়া অন্তত ছয়জন সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়ক আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন।”

আরও পড়ুন: এবার বদলাবে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম, কী হবে? জানালেন অগ্নিমিত্রা পাল

কিন্তু এই দাবি উড়িয়ে দিয়েছিলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “আমরা ২০ জনই রয়েছি। ওদিকে যাওয়ার চিন্তা-ভাবনা নেই। সংসদে শুধুমাত্র দেখা হয়েছে। এতদিনের পুরনো সঙ্গী। একটু তো কথা হবেই। তার মানে এই নয় যে আমরা দল পরিবর্তন করছি।” এদিকে আজ এনডিএ জোটের বৈঠকে অংশগ্রহণ করার পরই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন এনসিপিআই সাংসদরা। যদিও গত মঙ্গলবার এই বৈঠকের কথা থাকলেও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেননি। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সাংসদরা তাদের সংসদীয় এলাকায় কীভাবে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন, উন্নয়নের গতি ত্বরান্বিত হবে, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হবে।

Click here to Read More
Previous Article
এখনও ঢোকেনি অন্নপূর্ণার ৩০০০ টাকা? এক ফোনেই মিলবে সমাধান! | Annapurna Yojana | West Bengal
Next Article
ভবানীপুর ভোট মামলায় নয়া মোড়, বড় নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের!

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment