indiahood
indiahood

SIR-এ নাম বাদ গেলেই বন্ধ হবে রেশন? বড় রায় কলকাতা হাইকোর্টের

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেলে তাঁর রেশন (Ration) সুবিধা কি বাতিল করা যাবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারীর মাসিক রেশন সুবিধা বন্ধ কিংবা এ বিষয়ে কোনও জোরপূর্বক পদক্ষেপ নেওয়া যাবে না। যদি একান্তই কোনও সিদ্ধান্ত নিতে হয় তাহলে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

কী নিয়ে করা হয়েছিল এই মামলা?

আসলে কোচবিহারের এক বাসিন্দা সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ২০২৬ সালে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার পর খাদ্য এবং সরবরাহ দফতরের একটি নির্দেশিকার ভিত্তিতে তাঁর রেশন পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি স্থানীয় রেশন ডিলারের তরফ থেকে তাঁকে জানানো হয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদনের প্রমাণ না দেখাতে পারলে রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

এদিন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য অন্তর্বর্তী নির্দেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে ভিত্তি করে কোনও ব্যক্তিকে গণবন্টন ব্যবস্থার খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত করা যায় কিনা সেই বিষয়ে আদালত খতিয়ে দেখবে। এমনকি আদালত আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদনকারীর রেশন সুবিধা কোনও ভাবেই বন্ধ করা যাবে না। আসলে চলতি বছরের জুন মাসে খাদ্য এবং সরবরাহ দফতরের তরফ থেকে একটি নোটিশ জারি করে জানানো হয়েছিল, এসআইআর সংশোধনের ভিত্তিতে অযোগ্য কিংবা ভুয়ো রেশন উপভোক্তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

আরও পড়ুন: আজকের দিনেই ভারতের প্রথম মোবাইল কল করেন জ্যোতি বসু, কাকে এবং কত খরচ হয়?

আবার অন্য একটি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সম্প্রতি জানিয়েছে, ভোটার পরিচয় পত্র, আধার কার্ড কিংবা প্যান কার্ড কোনওটিই এককভাবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এই পর্যবেক্ষণ উঠে এসেছিল এক মামলার শুনানিতে, যেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর এক ব্যক্তিকে আটক শিবিরে রাখা হয়েছিল। যদিও ওই ব্যক্তি ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করেছিলেন। কিন্তু আদালত জানিয়ে দেয়, ভোটার কার্ড কেবলমাত্র নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্তির প্রমাণপত্র। আধার বা প্যান কার্ড দিয়েও নাগরিকত্বের প্রমাণ করা যায় না।

Click here to Read More
Previous Article
“বালি, গরু চোরেরা..” শুভেন্দুর উপর জঙ্গি হানার আশঙ্কা নিয়ে বড় মন্তব্য শিশির অধিকারীর
Next Article
তৃণমূল আমলে আবাসে নাম থাকা সত্ত্বেও মেলেনি টাকা! মাটির ঘর ভেঙে মৃত গোটা পরিবার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment