indiahood
indiahood

এই সংস্থার LPG কানেকশন থাকলে পড়বেন সমস্যায়! হবে না EKYC?

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সরকারি দামে LPG সিলিন্ডার পেতে হলে করতে হবে EKYC (LPG EKYC)। সেই মর্মে, ডেডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, আগামী 16 আগস্ট তারিখের মধ্যে প্রত্যেক গ্রাহককে গ্যাসের EKYC করে ফেলতে হবে। অন্যথায় অতিরিক্ত দামে কিনতে হবে গ্যাস। আর সেই আশঙ্কাতেই তড়িঘড়ি গ্যাসের EKYC করার হিড়িক পড়েছে আমজনতার মধ্যে। যদিও বাড়িতে বসেই যে সংস্থার গ্যাস সেই সংশ্লিষ্ট সংস্থার মোবাইল অ্যাপ এবং আধার ফেস RD এর মাধ্যমে ফেস স্ক্যান করে EKYC করা যাচ্ছে। তবে একটি সংস্থার ক্ষেত্রে এই কাজ করতে যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।

এই কোম্পানির গ্যাস থাকলে হচ্ছে না EKYC?

সরকারি নির্দেশের পর অনেকেই নিজস্ব গ্যাস ডিলারের কাছে গিয়ে প্রয়োজনীয় নথি পত্র দেখিয়ে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে EKYC করে আসছেন। যদিও ঘরে বসেই নিজের মোবাইল ফোন থেকে কয়েক সেকেন্ডে করা যায় এই EKYC। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট গ্যাস সংস্থার মোবাইল অ্যাপ। সেই অ্যাপ থেকেই ফেস স্ক্যান করে করা যাচ্ছে EKYC। তবে ইন্ডেন বা অন্যান্য গ্যাস সংস্থার অ্যাপের ক্ষেত্রে সমস্যা না হলেও ঘরে বসে মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে EKYC করতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়ছেন ভারত গ্যাসের গ্রাহকরা।

নিয়ম মেনে, ভারত গ্যাসের নিজস্ব অ্যাপ Hello BPCL এ EKYC করার ক্ষেত্রে বারবার সমস্যায় পড়তে হচ্ছে উপভোক্তাদের। কখনও লগইন করতে গিয়ে মোবাইল নম্বরে আসছে না OTP, কখনও আবার খুলছে না অ্যাপ। অনেকেই আবার বেশ কয়েকবারের চেষ্টায় অ্যাপ ইনস্টল করে লগইন করলেও পরবর্তী ধাপে এগোতে পারেননি। কিছু কিছু ক্ষেত্রে আবার অ্যাপের হোমস্ক্রিনে চলে আসছে বড় একটি পোস্টার। সেখান থেকে আর এগোনো যাচ্ছে না পরের ধাপে। সবমিলিয়ে EKYC করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা, ভারত গ্যাসের গ্রাহকদের!

অবশ্যই পড়ুন: আবাসে এখন ঘর করা হবে আরও সস্তা, বালির দাম বেঁধে দিল প্রশাসন

উল্লেখ্য, যেসব গ্রাহকদের ইন্ডেন গ্যাসের কানেকশন রয়েছে তাঁদের দাবি, সংস্থাটির নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করার পর সেখানে লগইন করতেই EKYC অপশন দেখাচ্ছে। সেখান থেকেই সহজে মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে ফেস স্ক্যান করলেই সম্পন্ন হচ্ছে EKYC। অন্যান্য সংস্থার গ্রাহকদের অভিজ্ঞতা প্রায় একই রকম।