indiahood
indiahood

দু’দিনের ডেডলাইন! পার্কস্ট্রিটে রাস্তা দখল করে থাকা হকারদের আল্টিমেটাম অগ্নিমিত্রার

4 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হতেই একাধিক জায়গায় চলছে বুলডোজার। অবৈধ কোনও নির্মাণ থাকবে না বাংলায়। পাশাপাশি রেল স্টেশনেও চলেছে হকার উচ্ছেদ। দিন কয়েক আগেই এসপ্ল্যানেড চত্বরে দেওয়া হয়েছিল উচ্ছেদের নোটিশ। কার্যত ৫০০ ব্যবসায়ীর কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। তবে গতকাল স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, ধর্মতলা খালি করতে হবে। ঠিক তার পরদিনই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) পার্ক স্ট্রিট খালি করার নির্দেশ দিলেন।

এবার খালি হবে পার্ক স্ট্রিট

তৃণমূলের আমলে নেতারা টাকা খেয়ে ফুটপাতের উপর দোকানপাট বসিয়েছে। এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দলের। শহরের ফুটপাতে হাঁটার ঠিক মতো জায়গা নেই। দীর্ঘদিন ধরেই এ নিয়ে সুর চড়াচ্ছেন রাজ্যের পুরমন্ত্রী। এবার ফুটপাতের চেহারা ফেরাতে এবং শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতেই পার্ক স্ট্রিট খালি করার নির্দেশ দিলেন তিনি। আগামী দুই দিনের মধ্যেই রাস্তা খালি করার নিদান দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “পার্ক স্ট্রিট এলাকায় খালি করা হবে সমস্ত ফুটপাত। রাস্তা সৌন্দর্য ফেরানো হবে। কোনও হকার থাকবে না।”

এদিকে গতকাল ধর্মতলা খালি করা নিয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, “ধর্মতলা থেকে সরে যান। ওটা কলকাতার বুক। আমাদের দু’জন কাউন্সিলর এবং একজন বিধায়ক রয়েছেন। আমি তাঁদের উপর দায়িত্ব দিচ্ছি, ধর্মতলা আগে পরিষ্কার করুন। তারপর বোঝা যাবে, নতুন সরকার এখানে এসেছে। এর জন্য নির্দেশের দরকার নেই। এটা পার্টির অবস্থান। পার্টির ঘোষণা। সেই মতোই আজ ধর্মতলা খালি করার কথা। তবে ধর্মতলার পাশাপাশি এবার পার্ক স্ট্রিটও দখলমুক্ত করার হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী।

আরও পড়ুন: নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলের হত্যাকাণ্ডে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ ৩

আজ শহরের একাধিক জায়গা পরিদর্শন করেছেন তিনি। মন্ত্রীর সঙ্গে ভবানীপুর থানা এবং পুরসভার আধিকারিকরা ছিলেন। পাশাপাশি কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডেও ছিলেন। তাঁকে সঙ্গে নিয়েই আজ অগ্নিমিত্রা স্পষ্ট জানান, “ধর্মতলা তো হকারমুক্ত হবেই। পার্ক স্ট্রিটও হবে। ফুটপাত দখল করে আর ব্যবসা করা যাবে না। চৌরঙ্গী থেকে সেভেন পয়েন্ট কানেক্টর পর্যন্ত আমরা দুই পাশে কোনও হকার বসতে দেব না। হকার যারা আছে, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অন্য জায়গায় বসুন। পার্ক স্ট্রিট কলকাতা জানালা। সেটাকে সুন্দর করে আবার সাজাব। লাইট লাগাব। সুন্দর করে ডেভেলপমেন্ট করব। তবে হকার থাকবে না।”

Click here to Read More
Previous Article
“কী জন্য করল বুঝলাম না, উনি তো…” আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে বললেন অনুব্রত
Next Article
নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলের হত্যাকাণ্ডে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ ৩

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment